‘স্বাভাবিক ও সুস্থ কর্মক্ষম জীবনের জন্য সুস্থ দৃষ্টিশক্তি অন্যতম প্রধান ভিত্তি। সচেতনতা বৃদ্ধি ও সময়মতো চিকিৎসা গ্রহণের মাধ্যমে দৃষ্টিজনিত অনেক জটিলতা প্রতিরোধ করা সম্ভব।’ বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে চাঁদপুরে আয়োজিত আলোচনা সভায় এ কথা বলেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এস.এম.এন জামিউল হিকমা।
‘চোখের যত্ন নিন, দৃষ্টিকে সুরক্ষিত রাখুন’ প্রতিপাদ্যকে সামনে রেখে বৃহস্পতিবার (৮ অক্টোবর) চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির সহযোগিতায় দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
দিবসটি উপলক্ষে সকালে চাঁদপুর সদর উপজেলা কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি সচেতনতামূলক র্যালি বের করা হয়।
এতে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারী, চক্ষু স্বাস্থ্যসেবার সঙ্গে সংশ্লিষ্ট পেশাজীবী এবং ব্র্যাক স্বাস্থ্য কর্মসূচির প্রতিনিধিরা অংশ নেন। র্যালিতে নিয়মিত চোখ পরীক্ষা, চক্ষুরোগ প্রতিরোধ ও অন্ধত্ব প্রতিরোধের বিভিন্ন বার্তাসংবলিত প্ল্যাকার্ড প্রদর্শন করা হয়।
র্যালি শেষে সদর উপজেলা কনফারেন্স রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে ইউএনও এস.এম.এন জামিউল হিকমা বলেন, শিশুদের জন্মগত ও বয়সজনিত বিভিন্ন সমস্যা, চোখের ছানি, গ্লুকোমা, ডায়াবেটিক রেটিনোপ্যাথি ও বিভিন্ন সংক্রমণের কারণে দৃষ্টিশক্তি স্থায়ীভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। তবে প্রাথমিক পর্যায়ে রোগ শনাক্ত করে নিয়মিত চিকিৎসা নিলে এসব কারণে সৃষ্ট অন্ধত্বের বড় অংশ প্রতিরোধ করা সম্ভব।
চোখে অস্বস্তি বা সমস্যা দেখা দিলে নিজের ইচ্ছেমতো ফার্মেসি থেকে ড্রপ বা ওষুধ কিনে ব্যবহার না করার পরামর্শ দেন তিনি। তাঁর ভাষ্য, ভুল ওষুধ ব্যবহারে চোখের স্থায়ী ক্ষতি হওয়ার আশঙ্কা রয়েছে। তাই চোখে কোনো সমস্যা দেখা দিলে দ্রুত বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেওয়া প্রয়োজন।
শিশুদের নিয়মিত চক্ষু পরীক্ষা এবং বয়স্কদের ডায়াবেটিস ও উচ্চ রক্তচাপজনিত চোখের জটিলতা নিয়মিত পর্যবেক্ষণের ওপরও গুরুত্ব দেন ইউএনও।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন চাঁদপুর সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মোহাম্মদ রফিকুল হাসান ফয়সল। সভায় আরও বক্তব্য দেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. মো. সাইফুল ইসলাম, ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. জিয়াউর রহমান, জেলা ব্যবস্থাপক (স্বাস্থ্য কর্মসূচি) গোলাম মোস্তফা, এলাকা ব্যবস্থাপক লিটন কুমার মল্লিক এবং চাঁদপুর সদর প্রোগ্রাম অফিসার আলমগীর হোসেন।
অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ফিল্ড অর্গানাইজার জসিম উদ্দিন পাটোয়ারী।

