মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

মতলব সেতুর পাশে পিকআপের ধাক্কায় প্রাণ গেল ১৮ বছরের যুবকের

মতলব দক্ষিণ উপজেলা প্রতিনিধি

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় পিকআপের ধাক্কায় অহিদুল ইসলাম (১৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে মতলব সেতুর পাশে এ দুর্ঘটনা ঘটে।

নিহত অহিদুল ইসলাম মতলব উত্তর উপজেলার ছেংগারচর পৌরসভার ঘনিয়ারপাড় গ্রামের মাহবুবুর রহমান মোল্লার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, ডিমবোঝাই একটি ইঞ্জিনচালিত ভ্যানে করে মতলব বাজারের দিকে যাচ্ছিলেন অহিদুল। এ সময় বিপরীত দিক থেকে আসা দ্রুতগতির একটি পিকআপ ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানের চালকের পাশে বসে থাকা অহিদুল সড়কে ছিটকে পড়ে গুরুতর আহত হন। দুর্ঘটনার পর পিকআপটি দ্রুত ঘটনাস্থল থেকে পালিয়ে যায়।

পরে পথচারীরা তাঁকে উদ্ধার করে মতলব দক্ষিণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। অবস্থার অবনতি হলে চিকিৎসক তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পরামর্শ দেন। অ্যাম্বুলেন্সে করে ঢাকায় নেওয়ার পথে রাত সাড়ে ৮টার দিকে মতলব উত্তর উপজেলার শ্রীরায়েরচর বাংলা বাজার এলাকায় তাঁর মৃত্যু হয়।

মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাফিজুর রহমান মানিক জানান, এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। পিকআপটি আটকের বিষয়ে কার্যক্রম চলছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন