শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের বড় ভাই বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক এটিএম রেজাউল হক রতন (৭৪) মারা গেছেন।
আজ রবিবার (২৯ নভেম্বর) সকাল ৮টা ৬ মিনিটে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিশ্বাস ত্যাগ করেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
পারিবারিক সূত্রে জানা গেছে, এটিএম রেজাউল হক রতন দীর্ঘদিন ধরে কিডনি ও লিভারজনিত রোগে ভুগছিলেন।
শারীরিক অবস্থার অবনতি হলে গত ৭ নভেম্বর তাঁকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ সকালে তাঁর মৃত্যু হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়ে, পাঁচ ভাই ও ছয় বোনসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
এটিএম রেজাউল হক রতন রাজধানীর মিরপুরের পীরেরবাগ এলাকায় বসবাস করতেন। তিনি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। ব্যবসায়িক কর্মকাণ্ডের পাশাপাশি শিক্ষা ও সমাজসেবামূলক বিভিন্ন কর্মকাণ্ডে যুক্ত ছিলেন। তিনি আগারগাঁও আদর্শ উচ্চবিদ্যালয়ের সভাপতির দায়িত্বও পালন করেছেন।
পারিবারিক সূত্রে আরও জানা গেছে, রোববার বাদ জোহর রাজধানীর পীরেরবাগ বাইতুন নূর জামে মসজিদে তাঁর প্রথম জানাজা অনুষ্ঠিত হবে। পরে বাদ আসর চাঁদপুরের কচুয়া উপজেলার গোবিন্দপুর গ্রামে তাঁর পৈতৃক বাড়িতে দ্বিতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হবে।
বড় ভাইয়ের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন। তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করে সবার কাছে দোয়া চেয়েছেন। একই সঙ্গে শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।
এটিএম রেজাউল হক রতনের মৃত্যুতে পরিবার, স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তাঁর মৃত্যুতে কচুয়ার গোবিন্দপুর এলাকাতেও শোকের আবহ বিরাজ করছে।


