রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তিতে ১২তলা বিশিষ্ট ইউনিক টাওয়ারের উদ্বোধন

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার ঠাকুর বাজারে ১২তলা বিশিষ্ট আধুনিক বাণিজ্যিক ও আবাসিক ভবন ‘ইউনিক টাওয়ার’-এর শুভ উদ্বোধন করা হয়েছে।

শনিবার (১৪ নভেম্বর) উপজেলার মডেল স্কুল সংলগ্ন ঠাকুর বাজারে নবনির্মিত ভবনটির উদ্বোধন উপলক্ষে এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে মার্কেটটির উদ্বোধন করেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে শূরার সদস্য ও চাঁদপুর জেলা আমীর মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী।

ইউনিক টাওয়ারের চেয়ারম্যান ও চাঁদপুর জেলা জামায়াতের নায়েবে আমির অধ্যাপক মাওলানা আবুল হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রামের বিশিষ্ট ব্যবসায়ী আবুল কাসেম।

প্রধান অতিথির বক্তব্যে মাওলানা বিল্লাল হোসেন মিয়াজী বলেন, একটি এলাকার উন্নয়ন ও অগ্রগতিতে ব্যবসা-বাণিজ্যের প্রসার গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ইউনিক টাওয়ারের মতো আধুনিক বাণিজ্যিক প্রতিষ্ঠান শাহরাস্তির অর্থনৈতিক কর্মকাণ্ডকে আরও গতিশীল করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। একই সঙ্গে ব্যবসায়িক কার্যক্রমে সততা, ন্যায়নীতি ও পারস্পরিক সহযোগিতা বজায় রাখার আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন শাহরাস্তি পৌরসভার সাবেক মেয়র মোস্তফা কামাল, বিশিষ্ট শিক্ষানুরাগী ইব্রাহীম খলিল, শাহরাস্তি পৌরসভা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ও ব্যবসায়ী ফারুক হোসেন মিয়াজী, উপজেলা জামায়াতের আমির মোস্তফা কামাল, পৌরসভা জামায়াতের আমির মাওলানা জাহাঙ্গীর আলম, উপজেলা জামায়াতের নায়েবে আমির বাদশাহ ফয়সাল, পৌরসভা জামায়াতের নায়েবে আমির সিরাজুল ইসলাম, উপজেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা মাঈনুদ্দিন, পৌরসভা জামায়াতের সেক্রেটারি মাওলানা আলমগীর হোসাইন, ফয়সাল ব্রিকসের স্বত্বাধিকারী আলহাজ্ব মহিন উদ্দিন ও মাস্টার জহিরুল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, ১২ তলাবিশিষ্ট ইউনিক টাওয়ারের নিচের দুই তলা বাণিজ্যিক মার্কেট হিসেবে ব্যবহৃত হবে। বাকি ১০ তলা আবাসিক ভবন হিসেবে ব্যবহারের পরিকল্পনা রয়েছে। ফলে একই ভবনে বাণিজ্যিক ও আবাসিক সুবিধার সমন্বয় করা হয়েছে।

স্থানীয়দের প্রত্যাশা, আধুনিক অবকাঠামোসমৃদ্ধ এ স্থাপনা চালু হওয়ায় ঠাকুর বাজার এলাকায় ব্যবসা-বাণিজ্যের নতুন সম্ভাবনা তৈরি হবে। পাশাপাশি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি এবং স্থানীয় অর্থনৈতিক কর্মকাণ্ড সম্প্রসারণেও প্রতিষ্ঠানটি ভূমিকা রাখবে।

উদ্বোধনী অনুষ্ঠানে অতিথিরা ইউনিক টাওয়ারের সার্বিক সফলতা ও সমৃদ্ধি কামনা করেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন