চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার নতুন অ্যাডহক কমিটি অনুমোদন দিয়েছে জাতীয় ক্রীড়া পরিষদ। নতুন এ কমিটির সভাপতি করা হয়েছে চাঁদপুরের জেলা প্রশাসককে। আর সদস্য সচিব মনোনীত হয়েছেন স্থানীয় ক্রীড়া সংগঠক ও ক্রীড়াবিদ জসিম উদ্দিন খান বাবুল।
জাতীয় ক্রীড়া পরিষদ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারা অনুযায়ী জাতীয় ক্রীড়া পরিষদের চেয়ারম্যান এ কমিটি অনুমোদন করেন। যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীন জাতীয় ক্রীড়া পরিষদের রুটিন দায়িত্বে নিয়োজিত নির্বাহী পরিচালক টিটন খীসার স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ অনুমোদনের কথা জানানো হয়।

অনুমোদিত কমিটিতে সহসভাপতি হিসেবে রয়েছেন চাঁদপুরের পুলিশ সুপার। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), জেলা সমাজসেবা কার্যালয়ের উপপরিচালক, জেলা ক্রীড়া কর্মকর্তা এবং স্থানীয় ক্রীড়াবিদ ডি. এম. শাহজাহান। কমিটির সদস্য সচিবের দায়িত্ব পেয়েছেন জসিম উদ্দিন খান বাবুল।
নবমনোনীত সদস্য সচিব জসিম উদ্দিন খান বাবুল চাঁদপুরের ক্রীড়া ও সাংস্কৃতিক অঙ্গনের পরিচিত মুখ। তিনি চাঁদপুর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহসভাপতি। এ ছাড়া স্থানীয় ক্রীড়া সংগঠন নিতাইগঞ্জ ক্রীড়া চক্র এবং সাংস্কৃতিক সংগঠন অনুপম নাট্যগোষ্ঠীর সভাপতির দায়িত্ব পালন করছেন তিনি।
প্রজ্ঞাপনে বলা হয়েছে, নতুন অ্যাডহক কমিটি জেলা ক্রীড়া সংস্থার গঠনতন্ত্র অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে নিয়মিত কমিটি গঠনের লক্ষ্যে নির্বাচন আয়োজনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে। এর মধ্য দিয়ে দীর্ঘদিন ধরে অপেক্ষায় থাকা জেলা ক্রীড়া সংস্থার নির্বাচন আয়োজনের পথ তৈরি হয়েছে।
জসিম উদ্দিন খান বাবুল সদস্য সচিব মনোনীত হওয়ায় জেলার ক্রীড়ামোদী, ক্রীড়া সংগঠক ও সুশীল সমাজের প্রতিনিধিরা নতুন কমিটিকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন। তাঁরা দ্রুত নির্বাচন আয়োজনের মাধ্যমে চাঁদপুরের ক্রীড়াঙ্গনে নতুন গতি সঞ্চার হবে বলে প্রত্যাশা করছেন।

