জরুরি মুহূর্তে মানুষের জীবন বাঁচাতে শিক্ষার্থীদের বেসিক লাইফ সাপোর্ট (বিএলএস), কার্ডিওপালমোনারি রিসাসিটেশন (সিপিআর) ও হিমলিখ ম্যানুভার বিষয়ে প্রশিক্ষণ দেওয়া হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) চাঁদপুরের হাইমচর উপজেলার বাজাপ্তি রমনীমোহন উচ্চবিদ্যালয়ে উপজেলা প্রশাসনের উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়।
প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। এতে উপজেলার মাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানগুলোর ষষ্ঠ থেকে নবম শ্রেণির ক্ষুদে ডাক্তার ও শিক্ষার্থী প্রতিনিধি, তাঁদের তত্ত্বাবধায়ক শিক্ষক, রেড ক্রিসেন্টের একটি দল, সাংবাদিক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন।
প্রশিক্ষণে কার্ডিয়াক অ্যারেস্ট বা হৃৎযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে গেলে কীভাবে সিপিআর দিতে হয়, তা হাতে-কলমে শেখানো হয়। পাশাপাশি গলায় খাবার বা অন্য কোনো বস্তু আটকে গেলে জীবন রক্ষায় আন্তর্জাতিকভাবে স্বীকৃত হিমলিখ ম্যানুভার প্রয়োগের পদ্ধতিও শেখানো হয়।
আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, বাংলাদেশে প্রতিদিন প্রায় ৫০০-এর বেশি মানুষ কার্ডিয়াক অ্যারেস্টে মারা যান। সময়মতো বেসিক লাইফ সাপোর্ট বা সিপিআর দেওয়া গেলে তাঁদের একটি উল্লেখযোগ্য অংশকে বাঁচানো সম্ভব। এসব জরুরি পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য দামি ওষুধ বা অর্থের চেয়ে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ বেশি গুরুত্বপূর্ণ।
প্রশিক্ষণ কার্যক্রমে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা নিজে প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেন। এ ছাড়া আরও চারজন চিকিৎসক প্রশিক্ষক হিসেবে অংশ নেন। আয়োজকেরা জানান, পর্যায়ক্রমে উপজেলার সব শিক্ষার্থীকে এ প্রশিক্ষণের আওতায় আনার পরিকল্পনা রয়েছে।
আয়োজকদের প্রত্যাশা, হাইমচরের প্রতিটি শিক্ষার্থী বেসিক লাইফ সাপোর্টের জ্ঞান অর্জন করবে এবং নিজেদের মধ্যে সীমাবদ্ধ না রেখে অন্যদেরও এ বিষয়ে সচেতন করে তুলবে। এর মাধ্যমে জরুরি মুহূর্তে আরও বেশি মানুষের জীবন রক্ষা করা সম্ভব হবে।

