শনিবার, ১৪ নভেম্বর ২০২৬
Logo

কচুয়ায় ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটের উদ্বোধন, সহজ হবে রক্তদাতা খোঁজা

উপজেলা প্রতিনিধি, কচুয়া (চাঁদপুর)

জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া সহজ করা এবং স্বেচ্ছায় রক্তদানে মানুষকে উৎসাহিত করার লক্ষ্যে চাঁদপুরের কচুয়ায় ‘রক্তখুঁজি’ নামে একটি ওয়েবসাইটের উদ্বোধন করা হয়েছে।

ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের উদ্যোগে তৈরি ওয়েবসাইটটি মঙ্গলবার (১০ নভেম্বর) সকাল ১১টায় কচুয়া উপজেলা পরিষদ অডিটোরিয়ামে আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে কেক কাটার মাধ্যমে ওয়েবসাইটটির উদ্বোধন করেন অতিথিরা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কচুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অমিত রায়।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তিলাওয়াত করেন ফয়সল পাটোয়ারী। পরে স্বাগত বক্তব্য দেন ড্রিমফিল যুবসমাজ কল্যাণ সংগঠনের সিনিয়র সহসভাপতি নাইমুল পাটোয়ারী। এ সময় প্রজেক্টরের মাধ্যমে সংগঠনের বিগত দিনের বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম তুলে ধরা হয়। সংগঠনের কার্যনির্বাহী কমিটির পক্ষে বক্তব্য দেন দপ্তর সম্পাদক ইশতিয়াক আহমেদ রিভু।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা আবু ইসহাক। এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা শিক্ষা কর্মকর্তা আলী আশরাফ, সংগঠনের প্রধান উপদেষ্টা মাসুদ এলাহি সুভাস, উপদেষ্টা হোসেন ইমাম মুন্সীসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা।

বক্তারা বলেন, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটি চালুর ফলে জরুরি প্রয়োজনে রক্তদাতা খুঁজে পাওয়া আরও সহজ হবে। পাশাপাশি স্বেচ্ছায় রক্তদানে মানুষের আগ্রহ বাড়বে। প্রযুক্তির সহায়তায় রক্তদাতা ও রক্তগ্রহীতার মধ্যে কার্যকর যোগাযোগ স্থাপনে ওয়েবসাইটটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তাঁরা আশা প্রকাশ করেন।

আয়োজকেরা জানান, ‘রক্তখুঁজি’ ওয়েবসাইটটি সর্বস্তরের মানুষের কাছে পরিচিত করে তোলাই তাঁদের মূল লক্ষ্য। পর্যায়ক্রমে স্কুল, মাদ্রাসাসহ দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান ও প্রত্যন্ত অঞ্চলে এর কার্যক্রম ছড়িয়ে দেওয়ার পরিকল্পনা রয়েছে তাঁদের।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন