চাঁদপুরে আধুনিক সাংবাদিকতা ও কৃত্রিম বুদ্ধিমত্তার প্রভাব বিষয়ে দুই দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। এতে জেলার বিভিন্ন পর্যায়ের শতাধিক সাংবাদিক অংশ নিয়েছেন।
শুক্রবার (৬ নভেম্বর) বেলা আড়াইটায় চাঁদপুর প্রেস ক্লাব মিলনায়তনে এ কর্মশালার উদ্বোধন করা হয়। চাঁদপুর প্রেস ক্লাবের ব্যবস্থাপনায় এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উদ্যোগে এ প্রশিক্ষণের আয়োজন করা হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান বলেন, চাঁদপুর থেকে প্রকাশিত দৈনিক পত্রিকাগুলো তিনি নিয়মিত পড়েন। অনেক সময় পত্রিকাগুলোতে একই ধরনের সংবাদ দেখা যায়। এ ক্ষেত্রে প্রতিটি পত্রিকার নিজস্বতা বজায় রাখা প্রয়োজন। সংবাদের গুরুত্ব বুঝে তা প্রচার ও প্রকাশ করতে হবে। সাংবাদিকদের সচেতনতা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করার আহ্বান জানান তিনি।
জেলা প্রশাসক বলেন, সামাজিক দায়বদ্ধতার বিষয়টি ভুলে গেলে চলবে না। সমাজকে সচেতন করতে সাংবাদিকেরা যেসব বিষয় তুলে ধরেন, সেগুলো নিজেদের জীবনেও মেনে চলা প্রয়োজন। এ ধরনের প্রশিক্ষণ সময়োপযোগী এবং সাংবাদিকদের কর্মক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
চাঁদপুরের অন্যান্য গুরুত্বপূর্ণ সংবাদের পাশাপাশি সাংস্কৃতিক অঙ্গনের খবরও তুলে ধরতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানান জেলা প্রশাসক।
চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদীর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক এম এ লতিফ। বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এসএমএন জামিউল হিকমা।
প্রশিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বিদেশি বিশেষজ্ঞ প্রশিক্ষক অধ্যাপক ড. গ্রেগ সাইমনস এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক ড. মো. আব্দুল কাবিল খান।
প্রশিক্ষণের গুরুত্ব তুলে ধরে বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হাবিব কাজল।
এ সময় বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রভাষক মেহরাবুল হক ও তানভীর আহমেদ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের শুরুতে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অতিথিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।

