বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

১৬১১১ নম্বরে ফোন, অসুস্থ লঞ্চযাত্রীকে উদ্ধার করে হাসপাতালে পাঠাল কোস্ট গার্ড

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

মুহাম্মদ বাদশা ভূঁইয়া, চাঁদপুর প্রতিনিধি

কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন পেয়ে যাত্রীবাহী লঞ্চ থেকে অসুস্থ এক যাত্রীকে উদ্ধার করে চিকিৎসা সহায়তা দিয়েছে বাংলাদেশ কোস্ট গার্ড। পরে উন্নত চিকিৎসার জন্য ওই যাত্রীকে চাঁদপুর থেকে হাসপাতালে পাঠানো হয়।

মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

কোস্ট গার্ড সূত্রে জানা গেছে, চিকিৎসা শেষে ঢাকা থেকে বরিশালগামী ‘এমভি এম খান-৭’ লঞ্চে বরিশালের উদ্দেশ্যে রওনা হন ওই যাত্রী। রাত দুইটার দিকে লঞ্চটি চাঁদপুরের লালপুর এলাকায় পৌঁছালে হঠাৎ তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটে।

এ সময় লঞ্চের সুপারভাইজার কোস্ট গার্ডের জরুরি সেবা নম্বর ১৬১১১-এ ফোন করে সহায়তা চান। খবর পেয়ে কোস্ট গার্ড স্টেশন চাঁদপুর থেকে একটি মেডিকেল দল দ্রুত লঞ্চে পৌঁছে অসুস্থ যাত্রীকে প্রয়োজনীয় চিকিৎসা সহায়তা দেয়।

পরে উন্নত চিকিৎসার জন্য কোস্ট গার্ডের বোটে করে ওই যাত্রীকে চাঁদপুর লঞ্চঘাটে নিয়ে আসা হয়। সেখান থেকে কোস্ট গার্ডের তত্ত্বাবধানে বেসরকারি অ্যাম্বুলেন্সে তাঁকে শ্যামলী কিডনি হাসপাতালে পাঠানো হয়।

কোস্ট গার্ডের মিডিয়া কর্মকর্তা সাব্বির আলম সুজন বলেন, জনসেবায় কোস্ট গার্ড সর্বদা নিয়োজিত রয়েছে। ভবিষ্যতেও এ ধরনের মানবিক ও জনসেবামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন