চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। উপজেলার ৬টি কলেজে পাসের হার ৪৪.৮৮ শতাংশ এবং ১০টি মাদ্রাসায় পাসের হার ৫৭.৪৬ শতাংশ। অন্যদিকে, ভোকেশনাল শাখায় চিতোষী ডিগ্রী কলেজ থেকে পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের সবাই কৃতকার্য হয়েছে।
প্রাপ্ত তথ্য অনুযায়ী, উপজেলার ৬টি কলেজ থেকে মোট ১ হাজার ৫৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ৪৭৩ জন এবং অকৃতকার্য হয়েছে ৫৮১ জন। জিপিএ-৫ অর্জন করেছে ২ জন। কলেজগুলোতে মোট পাসের হার ৪৪.৮৮ শতাংশ।
কলেজগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে সূচীপাড়া ডিগ্রি কলেজ। প্রতিষ্ঠানটির কৃতকার্যের হার ৭০.১১ শতাংশ। অন্যদিকে, তুলনামূলক খারাপ ফলাফল করেছে চিতোষী ডিগ্রী কলেজ ও করফুলেন্নাছা সরকারি মহিলা কলেজ। প্রতিষ্ঠান দুটির কৃতকার্যের হার যথাক্রমে ২৫.৮৪ ও ২৬.৫৯ শতাংশ।
অপরদিকে, উপজেলার ১০টি মাদ্রাসা থেকে মোট ২৬৮ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। এর মধ্যে কৃতকার্য হয়েছে ১৫৪ জন এবং অকৃতকার্য হয়েছে ১১৪ জন। জিপিএ-৫ অর্জন করেছে ২ জন। মাদ্রাসাগুলোতে মোট পাসের হার ৫৭.৪৬ শতাংশ।
মাদ্রাসাগুলোর মধ্যে সবচেয়ে ভালো ফলাফল করেছে চিতোষী সুলতানিয়া ফাজিল মাদ্রাসা। প্রতিষ্ঠানটির কৃতকার্যের হার ৮১.৮২ শতাংশ। অন্যদিকে, তুলনামূলক কম পাসের হার রয়েছে আহম্মদ নগর আব্দুল আজিজ ফাজিল মাদ্রাসা ও নুনিয়া ইসলামিয়া ফাজিল মাদ্রাসায়। প্রতিষ্ঠান দুটির পাসের হার যথাক্রমে ৩৬.০০ ও ৪১.৯৪ শতাংশ।
ভোকেশনাল শাখায় চিতোষী ডিগ্রী কলেজ থেকে মোট ৪৪ জন শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করে। তাদের সবাই কৃতকার্য হয়েছে। ফলে প্রতিষ্ঠানটির ভোকেশনাল শাখায় পাসের হার শতভাগ।
শাহরাস্তি উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) মোঃ কামরুজ্জামানের লিখিত নোটিশ থেকে আজ এ তথ্য জানা গেছে।


