বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

শাহরাস্তির বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অনিয়মের অভিযোগ, তদন্তের দাবি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

আহসান হাবিব পাটওয়ারী, শাহরাস্তি প্রতিনিধি

চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বেরনাইয়া উচ্চ বিদ্যালয়ে নির্বাচনি পরীক্ষায় অনিয়মের অভিযোগ উঠেছে। ইংরেজি দ্বিতীয় পত্রের পরীক্ষায় এক শিক্ষার্থীর কাছে সমাধান করা প্রশ্নপত্র পাওয়ার দাবি করে ঘটনার সুষ্ঠু তদন্ত ও দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন বিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আলী আজম।

বুধবার (২৮ অক্টোবর) বিদ্যালয়ে অনুষ্ঠিত নির্বাচনি পরীক্ষার সময় এ ঘটনা ঘটে বলে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে উল্লেখ করেন তিনি।

পোস্টে আলী আজম দাবি করেন, পরীক্ষা চলাকালে বিদ্যালয়ের শিক্ষক মোক্তার, ফরিদ ও রানা স্যার এক শিক্ষার্থীর কাছে সমাধান করা প্রশ্নপত্র পান। ওই শিক্ষার্থীর রোল নম্বর ৬২ উল্লেখ করে তিনি দাবি করেন, শিক্ষার্থীটি ইংরেজি ঠিকমতো পড়তে ও লিখতে পারে না।

আলী আজমের পোস্ট অনুযায়ী, বিষয়টি নিয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য বিদ্যালয়ের দুই ইংরেজি শিক্ষক ফরিদ ও রানা প্রধান শিক্ষক ইব্রাহিম খলিলের কাছে অনুরোধ জানান। তবে প্রধান শিক্ষক বিষয়টি ধামাচাপা দেওয়ার উদ্দেশ্যে বিকল্প প্রশ্নপত্রে পরীক্ষা নিতে শিক্ষকদের বাধ্য করেন বলে অভিযোগ করেন তিনি।

এ ঘটনায় প্রধান শিক্ষকের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে আলী আজম জানতে চান, কাকে রক্ষা করার জন্য বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করা হচ্ছে? শিক্ষার্থীদের ভবিষ্যৎ ক্ষতিগ্রস্ত করার সঙ্গে জড়িত ব্যক্তিদের কেন শাস্তির আওতায় আনা হবে না?

তিনি বিদ্যালয়ের বর্তমান অ্যাডহক কমিটির সভাপতির দৃষ্টি আকর্ষণ করে ঘটনার সুষ্ঠু তদন্ত এবং অভিযোগের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

একই সঙ্গে বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ ও সুনাম রক্ষায় এলাকাবাসীকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। তাঁর দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে ঘটনার প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে দায়ীদের জবাবদিহির আওতায় আনতে হবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন