চাঁদপুরের কচুয়ায় ৫০০ গ্রাম গাঁজাসহ জুয়েল মিয়াজী (৩০) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে উপজেলার দোয়াটি এলাকার একটি সেতুর ওপর থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার জুয়েল মিয়াজী উপজেলার পালাখাল ইউনিয়নের পালাখাল গ্রামের মিয়াজী বাড়ির বাসিন্দা। তাঁর বাবার নাম আবুল খায়ের এবং মায়ের নাম জাহানারা বেগম।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ মাদকবিরোধী অভিযান চালায়। এ সময় জুয়েল মিয়াজীকে আটক করে তাঁর দেহ তল্লাশি করা হয়। পরে তাঁর কাছ থেকে ৫০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধার করা গাঁজার আনুমানিক মূল্য ১০ হাজার টাকা।
এ ঘটনায় জুয়েল মিয়াজীর বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় কচুয়া থানায় মামলা করা হয়েছে। মামলাটি ২৪ অক্টোবর নথিভুক্ত করা হয়।
পুলিশ জানায়, রোববার (২৫ অক্টোবর) গ্রেপ্তার জুয়েল মিয়াজীকে যথাযথ পুলিশ পাহারায় আদালতে পাঠানো হয়েছে।


