চাঁদপুরের কচুয়ায় শারদীয় দুর্গোৎসব উপলক্ষে অসহায় ও অসচ্ছল সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে নতুন বস্ত্র বিতরণ করা হয়েছে।
বুধবার (২১ অক্টোবর) বিকেল থেকে উপজেলার বিভিন্ন পূজামণ্ডপে প্রধানমন্ত্রী তারেক রহমানের ত্রাণ তহবিল থেকে এ বস্ত্র বিতরণ করা হয়। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের পক্ষে এ কর্মসূচি পরিচালনা করা হয়।
নতুন বস্ত্র পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সনাতন ধর্মাবলম্বীরা। দুর্গোৎসবের আনন্দ ভাগাভাগি করে নেওয়া এবং অসচ্ছল মানুষের পাশে দাঁড়ানোর এ উদ্যোগকে স্বাগত জানান তাঁরা।
বস্ত্র বিতরণ কর্মসূচিতে উপস্থিত ছিলেন কচুয়ার সহকারী কমিশনার (ভূমি) মো. আবু নাছির, বিএনপি নেতা নূর মোহাম্মদ কচি, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মাসুদ এলাহী সুভাষ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. মাহবুব আলম, পৌর বিএনপির সভাপতি বিল্লাল হোসেন মজুমদার, সাধারণ সম্পাদক আলগীর হোসেন সেলিম পাটোয়ারী ও উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক হাবিবুন নবী সুমনসহ অন্যরা।
আয়োজকেরা বলেন, ধর্ম-বর্ণনির্বিশেষে সবার অংশগ্রহণে উৎসবমুখর ও সম্প্রীতিপূর্ণ সমাজ গড়ে তোলাই এ ধরনের উদ্যোগের লক্ষ্য। তাঁরা আশা প্রকাশ করেন, এ কর্মসূচির মাধ্যমে শারদীয় দুর্গোৎসবের আনন্দ ছড়িয়ে পড়ার পাশাপাশি ধর্মীয় সম্প্রীতি, সৌহার্দ্য ও ভ্রাতৃত্বের বন্ধন আরও সুদৃঢ় হবে।

