চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় মা ইলিশ সংরক্ষণে পরিচালিত অভিযানে ১৭ জেলেকে আটক করেছে মোহনপুর নৌপুলিশ। এ সময় মাছ ধরার কাজে ব্যবহৃত চারটি নৌকা ও ১ হাজার ৪০০ মিটার নিষিদ্ধ কারেন্ট জাল জব্দ করা হয়েছে।
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) প্রথম প্রহরে মেঘনা নদীর বাহেরচর ও নাসিরারচর এলাকায় এ অভিযান চালানো হয়।
নৌপুলিশ সূত্রে জানা গেছে, সরকার ঘোষিত নিষেধাজ্ঞা অমান্য করে ইঞ্জিনচালিত পুরোনো কাঠের নৌকায় নিষিদ্ধ কারেন্ট জাল ব্যবহার করে ইলিশসহ অন্যান্য মাছ শিকার করছিলেন জেলেরা। এ সময় অভিযান চালিয়ে ১৭ জনকে আটক করা হয়। তাঁদের ব্যবহৃত চারটি নৌকা ও ১ হাজার ৪০০ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়।
মোহনপুর নৌপুলিশ ফাঁড়ির ইনচার্জ (ওসি) রুহুল আমিন জানান, আটক ব্যক্তিদের বিরুদ্ধে মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন, ১৯৫০ (সংশোধিত ২০১৩) অনুযায়ী পৃথক সাতটি মামলা করা হয়েছে। পরে তাঁদের আদালতে সোপর্দ করা হয়েছে।
এদিকে, মতলব উত্তরে একটি মৎস্য আড়ত থেকে জব্দ করা ৩৫ কেজি ইলিশ মাছ এতিমখানায় বিতরণ করা হয়েছে।

