বুধবার, ৪ নভেম্বর ২০২৬
Logo

চাঁদপুর পাসপোর্ট অফিসে দালালির অভিযোগে আটক ৩

নিজস্ব প্রতিবেদক

চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিসে দালালদের দৌরাত্ম্য ও সেবার মান যাচাই করতে ঝটিকা অভিযান চালিয়েছেন চাঁদপুর-৩ আসনের সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় দালালির সঙ্গে জড়িত থাকার অভিযোগে তিনজনকে আটক করে পুলিশের হাতে তুলে দেন তিনি।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) বিকেলে চাঁদপুর আঞ্চলিক পাসপোর্ট অফিস পরিদর্শনে যান সংসদ সদস্য শেখ ফরিদ আহমেদ মানিক। এ সময় তিনি অফিসের কর্মকর্তা-কর্মচারী ও পাসপোর্ট করতে আসা সেবাপ্রার্থীদের সঙ্গে কথা বলেন। পাসপোর্টের আবেদন ও সেবা নিতে গিয়ে কেউ হয়রানি, অনিয়ম কিংবা দুর্নীতির শিকার হচ্ছেন কি না, তা জানতে চান তিনি।

পরিদর্শন শেষে শেখ ফরিদ আহমেদ মানিক বলেন, ‘পাসপোর্ট অফিসে এসে যা দেখলাম, আসলেই এখানকার পরিবেশ ভালো না।’ দেশের উন্নয়ন ও সরকারি সেবার মান নিশ্চিত করতে সবার সহযোগিতা প্রয়োজন বলেও মন্তব্য করেন তিনি।
সাংবাদিকদের উদ্দেশে সংসদ সদস্য বলেন, আপনারা মাঝেমধ্যে পাসপোর্ট অফিসে এসে খোঁজখবর রাখবেন। আমরা চাঁদপুর পাসপোর্ট অফিসকে দুর্নীতিমুক্ত ও দালালমুক্ত হিসেবে দেখতে চাই।

সাধারণ মানুষ যাতে কোনো ধরনের হয়রানি ছাড়াই সহজে পাসপোর্ট সেবা পেতে পারেন, সে জন্য সংশ্লিষ্ট দপ্তরে স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

চাঁদপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফয়েজ আহমেদ বলেন, আটক তিন ব্যক্তির বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন