রবিবার, ২৯ নভেম্বর ২০২৬
Logo

বিশ্ব দৃষ্টি দিবসে চাঁদপুরে শতাধিক শিশুর চিত্রাঙ্কন প্রতিযোগিতা

উপজেলা প্রতিনিধি, (চাঁদপুর সদর)

ছোটবেলা থেকেই শিশুদের চোখের যত্ন, পরিচ্ছন্নতা ও স্বাস্থ্যসচেতনতার বিষয়ে শিক্ষা দিতে হবে বলে মন্তব্য করেছেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান। তিনি বলেন, চোখ মানুষের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি অঙ্গ। দৃষ্টিশক্তি সুস্থ রাখতে চোখের যত্ন সম্পর্কে সচেতনতা জরুরি। চোখের কোনো সমস্যা দেখা দিলে অবহেলা না করে চিকিৎসকের পরামর্শ নিতে হবে।

বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে বুধবার (১৪ অক্টোবর) বিকেলে চাঁদপুর স্টেডিয়ামের প্যাভিলিয়নে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। স্বেচ্ছাসেবী সংগঠন ক্লীন চাঁদপুর এ অনুষ্ঠানের আয়োজন করে।

অনুষ্ঠানে শিশু-কিশোরদের সৃজনশীল প্রতিভা বিকাশ ও দৃষ্টিশক্তি সুরক্ষায় সচেতনতা তৈরির লক্ষ্যে চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় ‘ক’, ‘খ’ ও ‘গ’—এই তিনটি বিভাগে প্রায় ১০০ জন প্রতিযোগী অংশ নেয়।

জেলা প্রশাসক বলেন, চিত্রাঙ্কন প্রতিযোগিতার মতো আয়োজন শিশুদের মেধা, মনন ও কল্পনাশক্তির বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এসব আয়োজনের মাধ্যমে শিশুদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মনোভাবও তৈরি হয়। তাই পড়াশোনার পাশাপাশি সাংস্কৃতিক ও সৃজনশীল কর্মকাণ্ডে শিশুদের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে।

সামাজিক সচেতনতা বৃদ্ধিতে স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর ভূমিকার কথা তুলে ধরে আহমেদ জিয়াউর রহমান বলেন, পরিচ্ছন্নতা, স্বাস্থ্যসচেতনতা ও জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে মানুষের মধ্যে ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব। এ ধরনের উদ্যোগ অব্যাহত রাখার জন্য তিনি সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতি আহ্বান জানান।

অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. খায়রুল কবীর। এতে প্রতিযোগীদের পাশাপাশি তাদের অভিভাবক ও ক্লীন চাঁদপুরের সদস্যরা উপস্থিত ছিলেন।

ক্লীন চাঁদপুরের প্রতিষ্ঠাতা অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, পরিচ্ছন্ন, সচেতন ও মানবিক সমাজ গঠনে শিশু-কিশোরদের সম্পৃক্ত করা প্রয়োজন। তাদের মধ্যে সামাজিক দায়বদ্ধতা, স্বাস্থ্যসচেতনতা ও সৃজনশীল চিন্তার বিকাশে এ ধরনের আয়োজন কার্যকর ভূমিকা রাখে।

নুরুল আমিন খান আকাশ আরও বলেন, বিশ্ব দৃষ্টি দিবসের তাৎপর্য তুলে ধরে মানুষের মধ্যে চোখের যত্ন ও দৃষ্টিশক্তি সুরক্ষার বিষয়ে সচেতনতা বাড়ানো এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। পরিচ্ছন্নতা ও জনসচেতনতামূলক কার্যক্রমের পাশাপাশি শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ এবং সামাজিক কল্যাণে কাজ করে যাচ্ছে ক্লীন চাঁদপুর।

আলোচনা সভা শেষে চিত্রাঙ্কন প্রতিযোগিতার তিনটি বিভাগের বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন