চাঁদপুর শহরের নাজিরপাড়া ও বিপণীবাগ এলাকায় অভিযান চালিয়ে এ. এস. এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানকে ৩০ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। বিদেশি প্রসাধনী ও শিশুদের পণ্যে মূল আমদানিকারকের স্টিকারের পরিবর্তে অন্য স্টিকার লাগিয়ে বিক্রির অভিযোগে এ জরিমানা করা হয়।
বুধবার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান এ জরিমানার আদেশ দেন।
অভিযানকালে দেখা যায়, প্রতিষ্ঠানটি বিদেশি প্রসাধনী ও শিশুদের বিভিন্ন পণ্যে মূল আমদানিকারকের স্টিকার না রেখে নিজেদের মতো করে বিভিন্ন আমদানিকারকের স্টিকার লাগিয়ে বিক্রি করছিল। এ অপরাধের দায় স্বীকার করে প্রতিষ্ঠানটি তাৎক্ষণিকভাবে জরিমানার টাকা পরিশোধ করে। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করে।
অভিযান চলাকালে অবৈধ স্টিকারগুলো ধ্বংস করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান জানান, জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

