মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণ, মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় অনিয়ম, মূল্য তালিকা না রাখা এবং মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে চাঁদপুরে চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
মঙ্গলবার (১৩ অক্টোবর) দুপুরে চাঁদপুর সদর উপজেলার বহরিয়া বাজার ও হরিণা ফেরিঘাট এলাকায় অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়। জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুর জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আব্দুল্লাহ আল ইমরান অভিযানে নেতৃত্ব দেন।
অভিযান সূত্রে জানা যায়, মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির জন্য সংরক্ষণের দায়ে হিরা ডেন্টাল কেয়ার ও ফার্মেসিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় যথাযথ নিয়ম অনুসরণ না করায় ফাতেমা মেডিকেল হলকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
অন্যদিকে, মূল্য তালিকা না রাখা ও মেয়াদবিহীন পণ্য বিক্রির দায়ে আল্লাহর দান স্টোরকে ৩ হাজার টাকা এবং একই অপরাধে কামরুল স্টোরকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়।
চারটি প্রতিষ্ঠানকে মোট ১৬ হাজার টাকা জরিমানা করা হয়েছে। প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে জরিমানার অর্থ পরিশোধ করা হয়। পাশাপাশি ভবিষ্যতে এ ধরনের অনিয়ম না করার অঙ্গীকার করা হয়।
অভিযানকালে ব্যবসায়ীদের নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি, ক্রয়-বিক্রয়ের ভাউচার সংরক্ষণ এবং দৃশ্যমান স্থানে মূল্য তালিকা প্রদর্শনের নির্দেশনা দেওয়া হয়। একই সঙ্গে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও পণ্য বিক্রি এবং অবৈধভাবে পণ্য মজুত করা থেকে বিরত থাকতে বলা হয়।
অভিযানে বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর একটি দল সার্বিক সহযোগিতা করে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

