চাঁদপুরের কচুয়ায় পৃথক অভিযান চালিয়ে ১৫০ গ্রাম গাঁজা ও ১০টি ইয়াবা ট্যাবলেটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গত ১০ ও ১১ অক্টোবর উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করেছে পুলিশ।
কচুয়া থানা-পুলিশের প্রেস রিলিজ সূত্রে জানা যায়, গত ১০ অক্টোবর বিকেল সাড়ে চারটার দিকে উপজেলার ৬ নম্বর উত্তর কচুয়া ইউনিয়নের নোয়াগাঁও গ্রামের ইউনুসের বাড়ির সামনের পাকা সড়কে অভিযান চালায় পুলিশ। এ সময় সুলতান মিয়া (৩০) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর নোয়াগাঁও গ্রামের লস্কুরী বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত আব্দুল খালেক এবং মা মৃত ফিরোজা বেগম। তাঁর কাছ থেকে ১৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়, যার আনুমানিক মূল্য তিন হাজার টাকা।
এ ঘটনায় সুলতান মিয়ার বিরুদ্ধে কচুয়া থানায় ১০ অক্টোবর এফআইআর নম্বর ১৩, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১৯(ক) ধারায় মামলা করা হয়েছে।
পুলিশ জানায়, একই দিন রাত ৭টা ৫৫ মিনিটে কচুয়া পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের পলাশপুর এলাকায় ফায়ার সার্ভিস-সংলগ্ন বোরহান উদ্দিনের মা ভেরাইটিজ স্টোরের সামনে অভিযান চালানো হয়। এ সময় রিয়াদ হোসেন (২৭) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি কচুয়া উপজেলার ৮ নম্বর কাদলা ইউনিয়নের মনপুরা গ্রামের ভেন্ডার বাড়ির বাসিন্দা। তাঁর বাবা আব্দুল জলিল এবং মা ফিয়ারা বেগম। তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য এক হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় রিয়াদ হোসেনের বিরুদ্ধে কচুয়া থানায় ১০ অক্টোবর এফআইআর নম্বর ১৪, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
এ ছাড়া ১১ অক্টোবর রাত সাড়ে তিনটার দিকে কচুয়া পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের করইশ গ্রামের খলিল দরবেশ বাড়ি এলাকায় আলমগীরের গ্যারেজের সামনে পাকা সড়কে রাত্রিকালীন হোন্ডা মোবাইল ডিউটি চলাকালে অভিযান চালায় পুলিশ। এ সময় মো. ইসহাক মিয়া (৪১) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি করইশ গ্রামের খলিল দরবেশ বাড়ির বাসিন্দা। তাঁর বাবা মৃত মনতাজ মিয়া এবং মা মৃত আনোয়ারা বেগম। তাঁর কাছ থেকে পাঁচটি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। ট্যাবলেটগুলোর মোট ওজন শূন্য দশমিক পাঁচ গ্রাম এবং আনুমানিক মূল্য এক হাজার ৫০০ টাকা।
এ ঘটনায় ইসহাক মিয়ার বিরুদ্ধে কচুয়া থানায় ১১ অক্টোবর এফআইআর নম্বর ১৫, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা করা হয়েছে।
কচুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে পৃথক অভিযানগুলো পরিচালিত হয়। অভিযানে এসআই (নিরস্ত্র) ময়নাল হোসেন ও এসআই (নিরস্ত্র) রুবেল সরকার সঙ্গীয় ফোর্সসহ অংশ নেন।
কচুয়া থানা পুলিশের প্রেস রিলিজে জানানো হয়, গ্রেপ্তার তিনজনকে ১১ অক্টোবর যথাযথ পুলিশ পাহারায় বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।


