মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

শিক্ষা ব্যবস্থাপনায় ‘লার্নিং হ্যাপিনেস’ তৈরি করতে হবে: ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল

নিজস্ব প্রতিবেদক

শিক্ষার্থীদের আনন্দময় পরিবেশে শিক্ষা গ্রহণের সুযোগ তৈরি করতে শিক্ষা ব্যবস্থাপনায় ‘লার্নিং হ্যাপিনেস’ নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল।

শনিবার (১০ অক্টোবর) চাঁদপুর জেলা শিক্ষা অফিসের আয়োজনে এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের বাবুরহাট শাখার ব্যবস্থাপনায় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষক ও কর্মকর্তাদের নিয়ে শিক্ষার গুণগত মানোন্নয়নবিষয়ক এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল বলেন, ‘২০২৪ সালের গণ-অভ্যুত্থানের মাধ্যমে আমরা কাজ করার সুযোগ পেয়েছি। প্রধানমন্ত্রী ও শিক্ষামন্ত্রী শিক্ষার উন্নয়নে বেশ কিছু কর্মসূচি গ্রহণ করেছেন। শিক্ষকদের অবসর সুবিধা প্রদানের বিষয়ে শিক্ষামন্ত্রী অত্যন্ত আন্তরিক।’

শিক্ষায় আনন্দময় পরিবেশের গুরুত্ব তুলে ধরে তিনি বলেন, ‘শিক্ষা ব্যবস্থাপনায় লার্নিং হ্যাপিনেস তৈরি করতে হবে। লার্নিং হ্যাপিনেস হচ্ছে আনন্দময় শিক্ষা। এটি এমন একটি শিক্ষণপ্রক্রিয়া, যেখানে শিক্ষার্থীরা ভয় বা চাপ ছাড়াই আনন্দের সঙ্গে জ্ঞান অর্জন করে। আধুনিক শিক্ষা ব্যবস্থায় শিক্ষার্থীদের মানসিক বিকাশ ও দীর্ঘস্থায়ী শিক্ষার জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষকদের মাধ্যমে প্রধানমন্ত্রীর ভাবনা বাস্তবায়ন করতে হবে।’

তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মানসিক বিকাশের পাশাপাশি মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। তাদের মধ্যে মনুষ্যত্ব, পারিবারিক মূল্যবোধ ও মানবিক গুণাবলির বিকাশ ঘটাতে হবে। প্রতিটি শিক্ষাপ্রতিষ্ঠানে কারিগরি দক্ষতাসম্পন্ন জনবল থাকা প্রয়োজন, যাতে শিক্ষার্থীরা কারিগরি শিক্ষা অর্জন করে নিজেদের পায়ে দাঁড়াতে পারে।

অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য দেন চাঁদপুরের জেলা প্রশাসক আহমেদ জিয়াউর রহমান, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের পরিচালক (কলেজ ও প্রশাসন) অধ্যাপক মো. নাজমুল হক, চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষক-কর্মচারী অবসর সুবিধা বোর্ডের সচিব মো. মোশাররফ হোসেন লিটন এবং ড্যাফোডিল ইন্টারন্যাশনাল কলেজের অধ্যক্ষ ক্যাপ্টেন এস আই এম জাহানইয়ার।

চাঁদপুর জেলা শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ রুহুল্লাহর সভাপতিত্বে অনুষ্ঠানে সঞ্চালনা করেন কচুয়া সরকারি কলেজের প্রভাষক অর্পণা দেব।

সেমিনারে চাঁদপুর জেলার প্রায় দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানেরা উপস্থিত ছিলেন।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন