চাঁদপুরের শাহরাস্তি উপজেলার সূচিপাড়া ডিগ্রি কলেজ জাতীয়করণের দাবির প্রতি ইতিবাচক মনোভাব প্রকাশ করেছেন চাঁদপুর-৫ (হাজীগঞ্জ-শাহরাস্তি) আসনের সংসদ সদস্য লায়ন ইঞ্জিনিয়ার মো. মমিনুল হক। একই সঙ্গে কলেজের অবকাঠামোগত উন্নয়নে সীমানাপ্রাচীর নির্মাণ, সুপেয় পানির ব্যবস্থা, নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শুরু এবং ব্যক্তিগত অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার আশ্বাস দিয়েছেন তিনি।
শনিবার (১০ অক্টোবর) সকাল ১০টায় কলেজ প্রাঙ্গণে আয়োজিত কৃতী শিক্ষার্থী সংবর্ধনা ও নবীনবরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী ১৭ জন শিক্ষার্থীকে পুরস্কৃত করা হয়।
সংসদ সদস্য মমিনুল হক বলেন, ১৯৮৭ সালে প্রতিষ্ঠিত সূচিপাড়া ডিগ্রি কলেজ শিক্ষা ও সহশিক্ষা কার্যক্রমে উল্লেখযোগ্য সাফল্য অর্জন করেছে। এসব বিবেচনায় কলেজটি জাতীয়করণ করা হলে ভালো হতো। সুযোগ পেলে প্রধানমন্ত্রী তারেক রহমানকে কলেজে এনে জাতীয়করণের দাবি জানানোর কথাও বলেন তিনি।
তবে দেশের সব বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের ক্ষেত্রে আর্থিক সক্ষমতার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, এ জন্য বছরে অতিরিক্ত প্রায় ১২ হাজার কোটি টাকা প্রয়োজন হতে পারে বলে তাঁর ধারণা।
কলেজের অবকাঠামো উন্নয়ন প্রসঙ্গে এমপি জানান, কলেজের দক্ষিণ পাশে থাকা ৭০ শতাংশ জমির সীমানাপ্রাচীর আগামী দুই মাসের মধ্যে নির্মাণের উদ্যোগ নেওয়া হবে। জমিটি নিয়ে কারো ন্যায্য দাবি থাকলে তা দ্রুত নিষ্পত্তির আহ্বান জানান তিনি, যাতে বিরোধের কারণে মামলা-মোকদ্দমা সৃষ্টি হয়ে শিক্ষার পরিবেশ ব্যাহত না হয়।
এ ছাড়া কলেজ কর্তৃপক্ষকে ৩০ ফুট বাই ৩০ ফুট জায়গা বরাদ্দ দেওয়ার আহ্বান জানিয়ে সেখানে ব্যক্তিগত অর্থায়নে মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়ার কথা বলেন তিনি। পাশাপাশি প্রায় ১০ লাখ টাকা ব্যয়ে সুপেয় পানির ব্যবস্থা, ক্যাম্পাস সবুজায়ন এবং নতুন ভবনের নির্মাণকাজ দ্রুত শুরুর আশ্বাস দেন সংসদ সদস্য।
কলেজের গভর্নিং বডির সভাপতি মো. হাসান আহমেদ টিপুর সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. মোয়াজ্জেম হোসেন। তিনি কলেজের শিক্ষা কার্যক্রম, ফলাফল ও বিভিন্ন অর্জনের কথা তুলে ধরে প্রতিষ্ঠানটি জাতীয়করণের দাবি জানান। একই সঙ্গে কলেজের দক্ষিণ পাশের জমির সীমানাপ্রাচীর নির্মাণের প্রয়োজনীয়তার কথাও উল্লেখ করেন।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মনিরা খাতুন শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি নৈতিকতা, দায়িত্ববোধ ও মানবিক মূল্যবোধসম্পন্ন মানুষ হিসেবে গড়ে ওঠার আহ্বান জানান।
অনুষ্ঠানে আরো বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আয়াত আলী ভূঁইয়া, যুব উন্নয়ন অধিদপ্তরের সাবেক উপপরিচালক মো. শাহাদাত হোসেন এবং একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা।
অনুষ্ঠানের শুরুতে অতিথিদের ফুল দিয়ে বরণ করা হয়। শিক্ষার্থী আনাছের পবিত্র কুরআন তিলাওয়াত ও সেতু রাণী পালের গীতা পাঠের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। পরে জাতীয় সঙ্গীত, নজরুলসঙ্গীত ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়। দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীরা নবীনদের ফুল দিয়ে বরণ করে নেয়।
এ সময় উপস্থিত ছিলেন শাহরাস্তি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. সেলিম পাটওয়ারী লিটন, শাহরাস্তি পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মো. ইকবাল হোসেন এবং উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি।
কলেজের ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ওয়ালীউর রহমান ও বাংলা বিভাগের সহকারী অধ্যাপক সাবিনা ইয়াসমিন অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন।
এতে কলেজের শিক্ষক-শিক্ষার্থী, অভিভাবক, সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।


