মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

কচুয়ার বিতারা ইউনিয়ন ভাগের প্রস্তাব, গণশুনানিতে নীতিগত সিদ্ধান্ত

মাসুম বিল্লাহ, (কচুয়া) চাঁদপুর

মাসুম বিল্লাহ, (কচুয়া) চাঁদপুর

চাঁদপুরের কচুয়া উপজেলার ৩ নম্বর বিতারা ইউনিয়নকে দুটি পৃথক ইউনিয়নে বিভক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিদের মতামত নিতে গণশুনানি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (৮ অক্টোবর) বেলা ১১টায় উপজেলার তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চবিদ্যালয়ের মিলনায়তনে এ গণশুনানি অনুষ্ঠিত হয়।

গণশুনানিতে প্রস্তাবিত ইউনিয়ন বিভক্তকরণের সীমানা, বিভিন্ন গ্রামের অন্তর্ভুক্তি এবং প্রশাসনিক কার্যক্রম পরিচালনাসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। স্থানীয়দের মতামত ও প্রস্তাব শোনার পর বিতারা ইউনিয়নকে দুটি পৃথক ইউনিয়নে বিভক্ত করার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়।

প্রস্তাবিত বিভক্তকরণ অনুযায়ী, ৩ নম্বর পশ্চিম বিতারা ইউনিয়নে চাংপুর, বাতাপুকুরিয়া ও সাজিরপাড়সহ ১৯টি গ্রাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব করা হয়েছে। অন্যদিকে ১৩ নম্বর পূর্ব বিতারা ইউনিয়নে ১০টি গ্রাম অন্তর্ভুক্ত করার প্রস্তাব রয়েছে।

গণশুনানিতে প্রস্তাবিত ইউনিয়ন বিভক্তকরণ কমিটির সদস্যসচিব ও উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. আবু ইসহাক, উপজেলা নির্বাচন কর্মকর্তা (ভারপ্রাপ্ত) মোহাম্মদ সোহরাব হোসেন, বিতারা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত প্রশাসক মো. কামরুজ্জামান, ইউপি প্রশাসনিক কর্মকর্তা মো. মোশারফ হোসেন, তেগুরিয়া ওবায়েদুল হক উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের পাটোয়ারীসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

এ ছাড়া স্থানীয় বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, ইউপি সদস্য এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিরা গণশুনানিতে অংশ নেন।

শুনানিতে স্থানীয়রা প্রস্তাবিত দুই ইউনিয়নের সীমানা ও গ্রামগুলোর অন্তর্ভুক্তি নিয়ে মতামত দেন। তাঁদের প্রত্যাশা, দুটি ইউনিয়ন প্রতিষ্ঠিত হলে প্রশাসনিক সেবা মানুষের আরও কাছে পৌঁছাবে। ইউনিয়ন পরিষদের বিভিন্ন সেবা গ্রহণে সময় ও ভোগান্তি কমার পাশাপাশি স্থানীয় উন্নয়ন কার্যক্রমও আরও গতিশীল হবে।

তবে ইউনিয়ন বিভক্তকরণের এ প্রস্তাবের চূড়ান্ত অনুমোদন সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সিদ্ধান্তের ওপর নির্ভর করবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন