আসন্ন চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) থেকে কাউন্সিলর পদে দলীয় প্রার্থী হওয়ার লক্ষ্যে মনোনয়ন তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ ও জমা দিয়েছেন চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মো. বারেক ভূঁইয়া।
মঙ্গলবার (৬ অক্টোবর) বিএনপির উদ্যোগে চাঁদপুর পৌরসভা নির্বাচনে সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীদের তথ্য সংগ্রহ কার্যক্রমের অংশ হিসেবে তিনি ১১ নং ওয়ার্ডের কাউন্সিলর পদে প্রার্থী হওয়ার জন্য নির্ধারিত তথ্য সংগ্রহ ফরম সংগ্রহ করে তা পূরণ শেষে জমা দেন।
মো. বারেক ভূঁইয়া চাঁদপুর পৌরসভার ১১ নং ওয়ার্ডের গুনরাজদী মহল্লার বাসিন্দা। তিনি চাঁদপুর পৌর ছাত্রদলের সাবেক ভারপ্রাপ্ত আহ্বায়ক এবং বর্তমানে চাঁদপুর জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন।
দীর্ঘদিন ধরে তিনি বিএনপির রাজনীতির সঙ্গে সম্পৃক্ত থেকে দলীয় বিভিন্ন কর্মসূচিতে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে আসছেন।
দলীয় নেতাকর্মীদের ভাষ্য অনুযায়ী, বিগত সরকারের সময়ে রাজনৈতিক কর্মকাণ্ডের কারণে মো. বারেক ভূঁইয়া একাধিক মামলা, কারাবাস, রিমান্ডসহ বিভিন্ন ধরনের হয়রানি ও নির্যাতনের শিকার হয়েছেন।
চাঁদপুর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে বিএনপির সম্ভাব্য প্রার্থীদের তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হওয়ায় দলটির তৃণমূল পর্যায়ের নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী তৎপরতা বাড়ছে। ১১ নং ওয়ার্ডে কাউন্সিলর পদে মো. বারেক ভূঁইয়ার প্রার্থী হওয়ার আগ্রহকে ঘিরে স্থানীয় নেতাকর্মী ও সমর্থকদের মধ্যেও আলোচনা চলছে।
দলীয় প্রার্থী বাছাই প্রক্রিয়া শেষে বিএনপির পক্ষ থেকে চূড়ান্ত মনোনয়ন ঘোষণা করা হবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।


