মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

শাহরাস্তিতে জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রমের উদ্বোধন

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর

আহসান হাবিব পাটওয়ারী, (শাহরাস্তি) চাঁদপুর

চাঁদপুরের শাহরাস্তিতে জলাতঙ্ক রোগ নির্মূলে ব্যাপক হারে কুকুরের জলাতঙ্ক প্রতিষেধক টিকাদান কার্যক্রম-২০২৬-এর উদ্বোধন করা হয়েছে।

মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে শাহরাস্তি উপজেলা পরিষদ চত্বরে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়। শাহরাস্তি পৌরসভা ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় এবং উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতালের বাস্তবায়নে এ টিকাদান কর্মসূচি পরিচালিত হচ্ছে। কর্মসূচির আওতায় উপজেলার বিভিন্ন এলাকায় কুকুরকে জলাতঙ্ক প্রতিষেধক টিকা প্রদান করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা খাতুন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মাকসুদ আলম, শাহরাস্তি পৌরসভার প্রধান হিসাবরক্ষণ কর্মকর্তা সৈয়দ মিশিউর রহমান, জেলা বিএনপির উপদেষ্টা আক্তার হোসেন পাটওয়ারী, উপজেলা যুবদলের আহ্বায়ক আলী আজগর মিয়াজি, পৌরসভার বিএনপির যুগ্ম আহবায়ক ইকবাল হোসেন, শাহরাস্তি প্রেসক্লাবের সভাপতি মঈনুল ইসলাম কাজলসহ উপজেলা ও পৌরসভার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা।

সংশ্লিষ্টরা জানান, জলাতঙ্ক একটি প্রাণঘাতী রোগ। কুকুরের মধ্যে জলাতঙ্কের সংক্রমণ নিয়ন্ত্রণ করা গেলে মানুষের মধ্যে এ রোগের বিস্তারও অনেকাংশে প্রতিরোধ করা সম্ভব। এ কারণে কুকুরকে ব্যাপক হারে টিকাদানের মাধ্যমে জলাতঙ্ক নির্মূলে এ কর্মসূচি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন