মাদকমুক্ত সমাজ গঠনে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে চাঁদপুরের শাহরাস্তিতে মাদকবিরোধী র্যালি ও সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) বিকেল সাড়ে ৩ টায় শাহরাস্তি মডেল থানা পুলিশের উদ্যোগে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয় থেকে র্যালিটি শুরু হয়ে কালীবাড়ী মন্দির এলাকায় গিয়ে শেষ হয়। পরে নিজমেহার মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে সচেতনতামূলক সভা অনুষ্ঠিত হয়।
চাঁদপুরের পুলিশ সুপার মো. মিজানুর রহমানের দিকনির্দেশনায় এবং শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের তত্ত্বাবধানে আয়োজিত র্যালি ও সভায় কচুয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার ওসি মীর মাহবুবুর রহমান, পুলিশ পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলামসহ পুলিশের সদস্যরা অংশ নেন।
এছাড়া স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ র্যালিতে অংশগ্রহণ করেন।
সভায় মাদকের ভয়াবহতা ও ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি, মাদকাসক্তি প্রতিরোধ এবং মাদক ব্যবসা ও পাচারের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়ে আলোচনা করা হয়।
বক্তারা বলেন, মাদকের ভয়াবহতা থেকে তরুণ প্রজন্মকে রক্ষা করতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান, জনপ্রতিনিধি, আইনশৃঙ্খলা বাহিনী ও সমাজের সর্বস্তরের মানুষকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। মাদকমুক্ত সমাজ গঠনে সবাইকে সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান তারা।

