মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬
Logo

শাহরাস্তি ওয়াকওয়েতে ঘোরাফেরা, ১০ কিশোর আটক; অভিভাবকের জিম্মায় ছেড়ে দিয়েছে পুলিশ

আহসান হাবিব পাটওয়ারী

চাঁদপুরের শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরার অভিযোগে ১০ কিশোরকে আটক করেছে শাহরাস্তি মডেল থানা পুলিশ। পরে তাদের অভিভাবকদের থানায় ডেকে এনে ভবিষ্যতে এ ধরনের কর্মকাণ্ডে জড়িত না হওয়ার বিষয়ে আশ্বস্ত করার পর প্রথমবারের মতো সংশোধনের সুযোগ দিয়ে অভিভাবকের জিম্মায় ছেড়ে দেওয়া হয়েছে।

সোমবার (১০ আগস্ট) রাত ২১টা ৩০ মিনিটে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ মীর মাহবুবুর রহমানের দিকনির্দেশনায় পুলিশ পরিদর্শক রফিকুল ইসলাম, এসআই (নিঃ) ফরিদ উদ্দিন, এসআই (নিঃ) মো. আব্দুল কুদ্দুস সরকারসহ সঙ্গীয় ফোর্স শাহরাস্তি থানাধীন নোয়াগাঁও সাকিনস্থ ডাকাতিয়া নদীর পাড়ে অবস্থিত শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করার অভিযোগে ১০ কিশোরকে আটক করে থানায় নিয়ে আসা হয়।
আটককৃতরা সবাই শাহরাস্তি উপজেলার বাসিন্দা।

পুলিশ জানায়, আটক কিশোরদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হলে তারা সন্ধ্যায় শাহরাস্তি ওয়াকওয়ে এলাকায় ঘোরাফেরার কারণ সম্পর্কে কোনো প্রকার সদুত্তর দিতে পারেনি।

পরে আটক কিশোরদের অভিভাবকরা থানায় উপস্থিত হন। তারা ভবিষ্যতে তাদের সন্তানরা সন্ধ্যায় অযাচিত ও উদ্দেশ্যমূলকভাবে ঘোরাফেরা করবে না মর্মে পুলিশকে আশ্বস্ত করেন।

এদিকে, আটক কিশোরদের বিরুদ্ধে থানার রেকর্ডপত্র ও সিডিএমএস পর্যালোচনা করে কোনো বিরূপ তথ্য পাওয়া যায়নি। ফলে তাদের ভবিষ্যৎ ও সংশোধনের বিষয়টি বিবেচনা করে প্রথমবারের মতো অভিভাবকদের জিম্মায় ছেড়ে দেওয়া হয়।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, কিশোরদের ভবিষ্যৎ বিবেচনায় নিয়ে তাদের সংশোধনের সুযোগ দেওয়া হয়েছে। একই সঙ্গে অভিভাবকদেরও সন্তানদের চলাফেরা ও সন্ধ্যার পর অপ্রয়োজনীয়ভাবে বাইরে অবস্থানের বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানানো হয়েছে।

সম্পাদক : কপিরাইট © সর্বসত্ত্ব সংরক্ষিত

প্রিন্ট করুন