চাঁদপুরের কচুয়া উপজেলায় পৃথক তিনটি অভিযানে ২০১ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজাসহ তিনজন চিহ্নিত মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
বুধবার (২৯ জুলাই) কচুয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আজিজুল ইসলামের নির্দেশনায় এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. রাশেদুল হকের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে এসআই মো. নাজমুল ইসলাম ও এএসআই মফিজুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে জলা তেতৈয়া এলাকায় অভিযান চালিয়ে মো. রুবেল (৩৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। এ সময় তার কাছ থেকে ১৮৫ পিস ইয়াবা ট্যাবলেট ও ৫০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। এ ঘটনায় কচুয়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
অন্যদিকে, এসআই মো. সাইফুল ইসলাম কড়ইয়া এলাকায় অভিযান চালিয়ে জগন্নাথ চন্দ্র পাটিকর (২১) নামে আরেক মাদক কারবারিকে গ্রেপ্তার করেন। তার কাছ থেকে ১৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক মামলা হয়েছে।
এ ছাড়া এসআই মোহাম্মদ ফাত্তার মিঞা মহিদ্দিরবাগ এলাকায় অভিযান চালিয়ে রনি হোসেন (২৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেন। অভিযানের সময় তার কাছ থেকে ২ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। এ ঘটনায়ও থানায় পৃথক মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিন আসামিকে বুধবার বিধি মোতাবেক আদালতে পাঠানো হয়েছে।
কচুয়া থানার ওসি মো. আজিজুল ইসলাম বলেন, মাদকের বিরুদ্ধে কচুয়া থানা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকমুক্ত সমাজ গঠনে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি সর্বস্তরের জনগণের সহযোগিতা প্রয়োজন।

