চাঁদপুরে তানযীমুল উম্মাহর ৫৯ শিক্ষার্থীর কোরআন হিফজ শুরু

চাঁদপুরে তানযীমুল উম্মাহর ৫৯ শিক্ষার্থীর কোরআন হিফজ শুরু

চাঁদপুরে তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার ৫৯ শিক্ষার্থী পবিত্র কোরআন হিফজের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে। ষষ্ঠবারের মতো আয়োজিত সবক প্রদান অনুষ্ঠানের মধ্য দিয়ে শিক্ষার্থীদের এ কার্যক্রম শুরু হয়।

শনিবার (৩১ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর শহরের নতুন বাজার এলাকার চাঁদপুর রাজবাড়ি কমিউনিটি সেন্টারে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। শিক্ষার্থীদের সবক প্রদান করেন হাজীগঞ্জ উপজেলার সাদ্রা হামিদিয়া ফাযিল মাদ্রাসার অধ্যক্ষ মুহাদ্দিস আবু বকর সিদ্দিক।

তানযীমুল উম্মাহ ফাউন্ডেশন পরিচালিত চাঁদপুর তানযীমুল উম্মাহ হিফজ মাদ্রাসার শাখাপ্রধান মো. ইমরান হোসাইনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফাউন্ডেশনের পরিচালক ও হিফজুল কোরআন বিভাগের প্রধান আ খ ম মাসুম বিল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চাঁদপুর আল-আমিন সোসাইটির সেক্রেটারি ও শিক্ষানুরাগী অ্যাডভোকেট মো. শাহজাহান মিয়া, পুরান বাজার ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ লেফটেন্যান্ট মো. শোয়াইব এবং চাঁদপুরের জেল সুপার জয়নাল আবেদীন ভূঁইয়া।

অনুষ্ঠানের শুরুতে শিক্ষার্থী আব্দুল্লাহ বিন ইউসুফ পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করে। এরপর আহনাফ হাবিব আকিফ বাংলা এবং আহমেদ বিন কবির ইংরেজি অনুবাদ উপস্থাপন করে। শিক্ষার্থীরা ইসলামী সংগীতও পরিবেশন করে। এ সময় মাদ্রাসার কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

বক্তারা বলেন, পবিত্র কোরআন হিফজ করা অত্যন্ত সৌভাগ্যের বিষয়। তবে শুধু কোরআন মুখস্থ করলেই হবে না, এর শিক্ষা নিজেদের জীবনে বাস্তবায়ন করতে হবে। বাবা-মা ও শিক্ষকদের প্রতি শ্রদ্ধাশীল থাকার পাশাপাশি জীবনের প্রতিটি ক্ষেত্রে সততা, শৃঙ্খলা ও উত্তম চরিত্রের পরিচয় দিতে হবে।

তাঁরা আরও বলেন, শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষিত করে আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে শিক্ষক ও অভিভাবকদের পাশাপাশি সমাজের সর্বস্তরের মানুষের দায়িত্বশীল ভূমিকা রাখা প্রয়োজন।

অনুষ্ঠানে বিশিষ্ট ব্যক্তিবর্গ, ওলামায়ে কেরাম, শিক্ষক, অভিভাবক ও আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।