হাইমচরে মা ইলিশ রক্ষার অভিযানে আটক ৮, তিনজনের কারাদণ্ড
চাঁদপুরের হাইমচরে মা ইলিশ রক্ষা অভিযানে আটজনকে আটক করা হয়েছে। এ সময় প্রায় ১৫৩ কেজি ৫০০ গ্রাম ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। পরে আটক ব্যক্তিদের মধ্যে তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
শনিবার (২৪ অক্টোবর) হাইমচর উপজেলার নীলকমল ইউনিয়নের ঈশানবালায় কাসেমুল উলুম মাদ্রাসাসংলগ্ন এলাকায় এবং উপজেলার বিভিন্ন স্থানে পৃথক দুটি অভিযান চালানো হয়। উপজেলা প্রশাসন, হাইমচর থানা-পুলিশ, সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় ও কোস্টগার্ডের সমন্বয়ে এসব অভিযান পরিচালিত হয়।

উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, সকাল ১০টা থেকে দুপুর ১টা ৩০ মিনিট পর্যন্ত পরিচালিত অভিযানে নিষিদ্ধ সময়ে ইলিশ বিক্রির অভিযোগে দুজনকে আটক করা হয়। এ সময় প্রায় ১১৮ কেজি ৫০০ গ্রাম ইলিশ জব্দ করা হয়। জব্দ করা মাছ ১২টি এতিমখানায় বিতরণ করা হয়েছে। এ ঘটনায় নিয়মিত মামলা দায়েরের প্রক্রিয়া চলমান রয়েছে।
এদিকে সন্ধ্যা ৬টা থেকে রাত ৮টা ১৫ মিনিট পর্যন্ত পরিচালিত অপর অভিযানে মা ইলিশ ধরার ওপর আরোপিত নিষেধাজ্ঞা অমান্য করার অভিযোগে ছয়জনকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে প্রায় ৩৫ কেজি ইলিশ ও এক লাখ মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। জব্দ করা ইলিশ চারটি এতিমখানায় বিতরণ করা হয়। কারেন্ট জাল বিধি অনুযায়ী বিনষ্ট করা হয়েছে।
আটক ছয়জনের মধ্যে তিনজন অপ্রাপ্তবয়স্ক হওয়ায় মুচলেকা নিয়ে তাঁদের অভিভাবকদের জিম্মায় দেওয়া হয়। বাকি তিনজনকে ১০ দিন করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মা ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞা বাস্তবায়নে উপজেলা টাস্কফোর্স কমিটির এ ধরনের অভিযান অব্যাহত রয়েছে।






আপনার মতামত লিখুন