মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ

আইন-আদালত
মতলব দক্ষিণে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে জমি দখলচেষ্টার অভিযোগ
২২ অক্টোবর ২০২৬, ৯:০৩ পিএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলায় আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে এক বিধবা নারীর জমি দখলের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনায় ১০ নম্বর ফতেপুর পূর্ব ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মো. গোলাম নবী বাদলের বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী নারী।

অভিযোগকারী শাহজাদী মোহছেনা আক্তার (৫৫) উপজেলার নবকলস (কাজী বাড়ি) গ্রামের বাসিন্দা। অভিযুক্ত গোলাম নবী বাদল (৬০) একই গ্রামের মৃত বাচ্চু মিয়ার ছেলে এবং সম্পর্কে ওই নারীর দেবর।

আদালতের নথি অনুযায়ী, জমি নিয়ে বিরোধের ঘটনায় মতলব দক্ষিণ দেওয়ানি আদালতে ১১৭৯/২০২৬ নম্বর মামলা চলছে। মামলাটির শুনানি ও নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমির বর্তমান অবস্থা অপরিবর্তিত রাখার নির্দেশ দিয়েছেন সিনিয়র সিভিল জজ মো. সোহেল আহমেদ। আদেশে জমির আকার-আকৃতি পরিবর্তন ও হস্তান্তর না করার বিষয়ে উভয় পক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে।

লিখিত অভিযোগে শাহজাদী মোহছেনা আক্তার উল্লেখ করেন, তাঁর স্বামী এক বছর আগে মারা গেছেন। তাঁর কোনো ছেলে সন্তান নেই। তিনি বাড়িতে একা বসবাস করেন। এ সুযোগে তাঁর দেবর গোলাম নবী বাদল দীর্ঘদিন ধরে জমি দখলের চেষ্টা করছেন বলে অভিযোগ করেন তিনি।

অভিযোগে বলা হয়, গত ১৯ অক্টোবর সকাল আনুমানিক সাতটার দিকে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে গোলাম নবী বাদল তাঁর বসতবাড়ির কাঁঠাল, আম ও কড়ইগাছ কেটে নিয়ে যান। এ সময় বাধা দিতে গেলে তাঁকে গালিগালাজ, মারধরের চেষ্টা ও প্রাণনাশের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ করেন তিনি।

প্রতিবেশীদের বরাত দিয়ে অভিযোগে আরও বলা হয়, ১৯৯০ সালে বিল্লাল কাজী ওই জমি কেনেন। ২০২৫ সালে তাঁর মৃত্যুর পর ২০২৬ সালে গোলাম নবী বাদল লোকজন নিয়ে জমি দখলের চেষ্টা করেন এবং জমিতে থাকা গাছপালা কেটে ফেলেন বলে অভিযোগ রয়েছে। এ সময় বাধা দিতে গেলে বিল্লাল কাজীর স্ত্রীকে লাঞ্ছিত ও মারধরের চেষ্টা করা হয় বলেও অভিযোগ করেন তাঁরা। পরে পুলিশকে খবর দেওয়া হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ ঘটনায় শাহজাদী মোহছেনা আক্তার নিজের নিরাপত্তা ও আইনি প্রতিকার চেয়ে মতলব দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন। তিনি অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

তবে এ বিষয়ে অভিযুক্ত গোলাম নবী বাদলের বক্তব্য পাওয়া যায়নি।