শাহরাস্তিতে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে দুর্গোৎসব সম্পন্ন করার আহ্বান
শাহরাস্তি
শাহরাস্তিতে পূজামণ্ডপ পরিদর্শনে অতিরিক্ত ডিআইজি নাজিমুল হক

শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চাঁদপুরের শাহরাস্তি উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন চট্টগ্রাম রেঞ্জের অতিরিক্ত ডিআইজি (অ্যাডমিন) নাজিমুল হক। এ সময় তিনি পূজামণ্ডপের সার্বিক নিরাপত্তা ব্যবস্থা পর্যবেক্ষণ করেন এবং পূজা উদ্‌যাপন কমিটির নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন।

পরিদর্শনকালে নাজিমুল হক বলেন, ধর্মীয় ঐতিহ্য ও সাম্প্রদায়িক সম্প্রীতি অক্ষুণ্ন রেখে নির্বিঘ্নে দুর্গোৎসব সম্পন্ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে। শান্তিপূর্ণ পরিবেশে ধর্মীয় উৎসব উদ্‌যাপনে পারস্পরিক সহযোগিতা ও সম্প্রীতির বিকল্প নেই।

এ সময় উপস্থিত ছিলেন সহকারী পুলিশ সুপার (কচুয়া সার্কেল) আব্দুল হাই চৌধুরী, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান, বাংলাদেশ পূজা উদ্‌যাপন পরিষদ শাহরাস্তি উপজেলা শাখার সভাপতি নিখিল চন্দ্র মজুমদার, সাধারণ সম্পাদক অমৃত মজুমদার টুটুলসহ বিভিন্ন পূজামণ্ডপ পরিচালনা কমিটির নেতৃবৃন্দ।

উল্লেখ্য, সনাতন ধর্মাবলম্বীদের ঐতিহাসিক ধর্মীয় তীর্থস্থান শ্রী শ্রী মেহার কালীবাড়ি শাহরাস্তি উপজেলায় অবস্থিত। প্রাচীন এ ধর্মীয় স্থানটি ঘিরে স্থানীয় সনাতন ধর্মাবলম্বীদের মধ্যে বিশেষ আবেগ ও ধর্মীয় ঐতিহ্য জড়িয়ে রয়েছে।