চাঁদপুর পৌরসভায় ২ হাজার ৪৭৬ জেলেকে ২৫ কেজি করে চাল বিতরণ
মা ইলিশের প্রজনন মৌসুমে মাছ ধরা থেকে বিরত থাকা চাঁদপুর পৌর এলাকার ২ হাজার ৪৭৬ জন জেলের মধ্যে ভিজিএফের চাল বিতরণ করা হয়েছে। প্রত্যেক জেলেকে ২৫ কেজি করে চাল দেওয়া হয়।
বুধবার (১৪ অক্টোবর) সকাল ১০টায় চাঁদপুর পৌর পাঠাগারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চাল বিতরণ কার্যক্রমে অংশ নেন চাঁদপুর-৩ (সদর-হাইমচর) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ আহম্মেদ মানিক।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চাঁদপুর পৌরসভার প্রশাসক দেবাশীষ চৌধুরী, পৌরসভার নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ নূর আজম বীন আখতার (নূর আজম শরীফ), চাঁদপুর জেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি সুভাষ চন্দ্র রায়, সাধারণ সম্পাদক তমাল কুমার ঘোষ ও যুগ্ম সাধারণ সম্পাদক গোপাল সাহা।
এ ছাড়া চাঁদপুর জেলা বিএনপির সহসভাপতি খলিলুর রহমান গাজী, পৌর বিএনপির সভাপতি আক্তার হোসেন মাঝি, সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক হযরত আলী ঢালী, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শরীফ উদ্দিন পলাশ, জেলা যুবদলের সভাপতি মানিকুর রহমান মানিক এবং সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরুল আমিন খান আকাশসহ বিভিন্ন শ্রেণি-পেশার গণ্যমান্য ব্যক্তিরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরাও এতে অংশ নেন।
মা ইলিশের প্রজনন রক্ষায় ৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ২২ দিন ইলিশ আহরণে সরকারি নিষেধাজ্ঞা রয়েছে। এ সময়ে জেলেদের জীবিকা নির্বাহে সহায়তা দেওয়া এবং তাঁদের মাছ ধরা থেকে বিরত থাকতে উৎসাহিত করার লক্ষ্যে ভিজিএফ কর্মসূচির আওতায় এ খাদ্যসহায়তা দেওয়া হয়।






আপনার মতামত লিখুন