মতলব বাজারে ব্যানার-পোস্টার অপসারণ করল ফ্রেন্ডস জোন সোসাইটি

মতলব দক্ষিণ
মতলব বাজারে ব্যানার-পোস্টার অপসারণ করল ফ্রেন্ডস জোন সোসাইটি
১৩ অক্টোবর ২০২৬, ১০:৫৭ এএম

চাঁদপুরের মতলব দক্ষিণ উপজেলা সদরের মতলব বাজারে নির্বাচনী ব্যানার, ফেস্টুন ও পোস্টার অপসারণ করে পরিচ্ছন্নতা কার্যক্রম পরিচালনা করেছে স্বেচ্ছাসেবী সংগঠন ফ্রেন্ডস জোন সোসাইটি।

গত ১০ অক্টোবর অনুষ্ঠিত মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাজারের প্রধান সড়ক থেকে শুরু করে অলিগলিতে প্রার্থীদের ছবি-সংবলিত ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো হয়েছিল। নির্বাচন শেষে এসব প্রচারসামগ্রী অপসারণ করে বাজারের সৌন্দর্য ফিরিয়ে আনতে সোমবার (১২ অক্টোবর) দিনব্যাপী কাজ করেন সংগঠনটির সদস্যরা।

সংগঠনের তরুণ স্বেচ্ছাসেবীরা বাজারের বিভিন্ন স্থানে লাগানো নির্বাচনী প্রচারসামগ্রী অপসারণ করেন। তাঁদের এ উদ্যোগকে সামাজিক দায়বদ্ধতা ও পরিচ্ছন্ন পরিবেশ গড়ার ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে দেখছেন স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

ফ্রেন্ডস জোন সোসাইটির সভাপতি মো. ফয়সাল আহমেদ বলেন, ‘ফ্রেন্ডস জোন সোসাইটি একটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন। আমরা সব সময় সমাজের কল্যাণে এবং মানুষের উপকারে আসে—এমন কার্যক্রম পরিচালনার চেষ্টা করি। মতলব বাজার বণিক ও জনকল্যাণ সমিতির নির্বাচনকে কেন্দ্র করে বাজারের বিভিন্ন স্থানে ব্যানার, ফেস্টুন ও পোস্টার লাগানো হয়েছিল। নির্বাচন শেষে বাজারকে পরিচ্ছন্ন ও সুন্দর রাখার দায়িত্ববোধ থেকেই আমরা এগুলো অপসারণের উদ্যোগ নিয়েছি।’

তিনি আরও বলেন, ‘একটি সুন্দর ও পরিচ্ছন্ন বাজার গড়ে তোলা শুধু একজন ব্যক্তি বা একটি সংগঠনের দায়িত্ব নয়; এটি আমাদের সবার সম্মিলিত দায়িত্ব। তাই ব্যবসায়ী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ সর্বস্তরের মানুষকে পরিচ্ছন্নতা বজায় রাখতে এগিয়ে আসার আহ্বান জানাই। ভবিষ্যতেও ফ্রেন্ডস জোন সোসাইটি মানুষের কল্যাণে এবং এলাকার উন্নয়নে বিভিন্ন সামাজিক ও মানবিক কার্যক্রম পরিচালনা করতে চায়।’

ফয়সাল আহমেদ বলেন, ‘আমরা একটি পরিষ্কার-পরিচ্ছন্ন মতলব তথা বাংলাদেশ উপহার দিতে চাই।’

স্থানীয় সচেতন ব্যক্তিদের মতে, নির্বাচন বা প্রচার-প্রচারণা শেষে যত্রতত্র ব্যানার, ফেস্টুন ও পোস্টার পড়ে থাকলে বাজারের সৌন্দর্য নষ্ট হয়। পাশাপাশি পরিবেশের ওপরও বিরূপ প্রভাব পড়ে। যথাসময়ে এসব প্রচারসামগ্রী অপসারণ করা হলে জনপরিসর পরিচ্ছন্ন রাখা সহজ হয়।

ফ্রেন্ডস জোন সোসাইটির এ উদ্যোগ পরিচ্ছন্নতা কার্যক্রমে অন্যান্য সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনকেও উৎসাহিত করবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।