অসুস্থ অফিস সহায়ক শফিকুল ইসলামের পাশে চাঁদপুর প্রেস ক্লাব

গণমাধ্যম
অসুস্থ অফিস সহায়ক শফিকুল ইসলামের পাশে চাঁদপুর প্রেস ক্লাব
১৩ অক্টোবর ২০২৬, ১০:৩৭ এএম

অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি চাঁদপুর প্রেস ক্লাবের দীর্ঘদিনের অফিস সহায়ক মো. শফিকুল ইসলামের পাশে দাঁড়িয়েছেন সংগঠনটির সভাপতি সোহেল রুশদী ও সাধারণ সম্পাদক এম এ লতিফ। তাঁর চিকিৎসার খোঁজখবর নেওয়ার পাশাপাশি প্রয়োজনীয় সহযোগিতায় এগিয়ে এসেছেন তাঁরা।

সোমবার (১২ অক্টোবর) শারীরিক অসুস্থতা নিয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হন শফিকুল ইসলাম। বর্তমানে তিনি হাসপাতালের ওয়ান স্টপ সার্ভিসে বিশেষজ্ঞ চিকিৎসকদের তত্ত্বাবধানে চিকিৎসাধীন রয়েছেন।

শফিকুল ইসলাম দীর্ঘদিন ধরে চাঁদপুর প্রেস ক্লাবে অফিস সহায়ক হিসেবে দায়িত্ব পালন করছেন। সম্প্রতি শারীরিক দুর্বলতা, বুকে ব্যথাসহ বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন তিনি। তাঁর অসুস্থতার খবর পেয়ে প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী ব্যক্তিগত উদ্যোগে তাঁকে হাসপাতালে ভর্তি করান এবং প্রয়োজনীয় চিকিৎসার ব্যবস্থা গ্রহণে উদ্যোগী হন।
এ ছাড়া তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেওয়ার পাশাপাশি চিকিৎসা নিশ্চিত করতে হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গেও যোগাযোগ করেন সভাপতি সোহেল রুশদী। এ সময় সাধারণ সম্পাদক এম এ লতিফও তাঁর খোঁজখবর নেন এবং সহযোগিতায় এগিয়ে আসেন।

সোহেল রুশদী বলেন, শফিকুল ইসলাম প্রেস ক্লাবের একজন সহকর্মী। তিনি দীর্ঘদিন ধরে অত্যন্ত আন্তরিকতা ও সততার সঙ্গে দায়িত্ব পালন করে আসছেন। তাঁর অসুস্থতার খবর পেয়ে ব্যক্তিগত উদ্যোগে হাসপাতালে ভর্তি করানো হয়েছে। তাঁর চিকিৎসার জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে।

তিনি আরও বলেন, শফিকুল ইসলামের চিকিৎসার বিষয়ে চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা করা হবে। তিনি যেন দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন, সে জন্য সবার কাছে দোয়া কামনা করেন তিনি।

এ বিষয়ে ২৫০ শয্যাবিশিষ্ট চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. এ কে এম মাহাবুবুর রহমান বলেন, প্রেস ক্লাবের সভাপতি সোহেল রুশদী তাঁকে ব্যক্তিগতভাবে বিষয়টি জানিয়েছেন। অসুস্থ শফিকুল ইসলামকে যথাযথ চিকিৎসা দেওয়ার জন্য সংশ্লিষ্ট চিকিৎসকদের নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর চিকিৎসার বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ আন্তরিক। আশা করা হচ্ছে, তিনি দ্রুত সুস্থ হয়ে উঠবেন।

দীর্ঘদিন ধরে একটি প্রতিষ্ঠানে নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করা সহকর্মীর অসুস্থতায় পাশে দাঁড়ানোর এই উদ্যোগকে মানবিকতা, সহমর্মিতা ও পারস্পরিক দায়িত্ববোধের দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।

চাঁদপুর প্রেস ক্লাবের পক্ষ থেকে অসুস্থ অফিস সহায়ক মো. শফিকুল ইসলামের দ্রুত সুস্থতা কামনা করা হয়েছে।